রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ও অভিভাবক প্রতিনিধি নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক অভিভাবক প্রতিনিধিরাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। অভিভাবক ঐক্য ফোরামের আহ্বায়ক আল-আসমাউল হুসনা বলেন, দ্রুত ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদ করে তা প্রকাশ করতে হবে। একই সঙ্গে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তব্য দেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি ইউনুছ আলী আকন্দ এবং বাংলাদেশ অভিভাবক ফোরামের সভাপতি কবির হোসেন।
বক্তারা বলেন, অভিভাবকদের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজন। তারা দ্রুত নির্বাচনের আয়োজনের দাবি জানান এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা গড়িমসি না করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য অভিভাবকরাও একই দাবি তুলে ধরে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে বিষয়টির সমাধানের দাবি জানান তারা।

