দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এমপি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার রোধে করণীয় বিষয়ে সেমিনারে আলোচনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

