তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সূর্য যদি সত্য হয়, পৃথিবী যদি সত্য হয়, আমাদের দেশপ্রেম যদি সত্য হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। শনিবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা-কর্মীদের ওপর যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হবে না’। তিনি বলেন, শেখ হাসিনা ১৯৯৪-৯৬ সালে যে দাবি করেছিলেন, বেগম খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তখন সংবিধানে তত্ত্বাবধায়ক ছিল না। তখন যদি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন না করতেন, তাহলে এখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতাম না। সে সময় শেখ হাসিনা, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি ও বাম দলগুলো মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল। তখন শেখ হাসিনা বলেছিলেন, তিনি আজীবন তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাসী। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধ তত্ত্বাবধায়ক প্রশ্নে। আওয়ামী লীগ কী বললো, না বললো, কী ভাবলো, কী করলো-এই নিয়ে দেশবাসীর কোনো মাথা ব্যথা নেই।
তিনি দাবি করেন, সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে। তার স্ত্রীর নামেও সরকার মিথ্যা মামলা দিয়েছে। তবে এসব করে লাভ হবে না।
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফরহাদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, কৃষকদলের সাবেক নেতা এস কে সাদি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

