ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

Link Copied!

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ইসলাম ধর্ম নিয়ে কুটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টানা ৩দিন ৩রাত অভিযান চালানোর পর মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অমিত রায় শুভ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানা (গার্মেন্টস) এ কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুটূক্তির অভিযোগ ওঠার পর ফুলগাছ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। শনিবার (৩১ অক্টোবর) ফুলগাছ বাজার এলাকায় অনুষ্ঠিত ওই মিছিল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের একটি দল টানা ৩দিন ৩রাত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে নীলফামারী সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে তাকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে পুলিশ। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।