সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠা রিসোর্টে বনের প্রাণ-প্রকৃতির কোন ক্ষতি হচ্ছে কিনা, তা যাচাইয়ে রিসোর্টগুলো পরিদর্শন/পর্যবেক্ষণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতায় বন ঘেষে গড়ে উঠা ১৮টি রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের (খুলনার) ও বনবিভাগের (বাগেরহাট/মোংলা) কর্মকর্তারা।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মিডিয়াতে এসেছে দেখেছি, বনবিভাগের ইসিএ’র ভিতরে অবৈধ ভাবে রিসোর্ট করা হয়েছে। এখানে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কিনা, এছাড়া সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হচ্ছে কিনা এসব দেখতে এসেছি। শব্দ দূষণ, হরিণ শিকারসহ ক্ষতির কোন দিক এবং অবৈধ কিছু ধরা পড়লে সেটি বন্ধ করে দেয়া হবে। তিনি আরো বলেন, রিসোর্টগুলোতে সোলার এনার্জি করার সুযোগ আছে। জেনারেটর চালানো যাবেনা, শব্দ দূষণ করা যাবেনা। যদিও এগুলো পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে হয়েছে। এটার বৈধতা যাচাই করতেই আমার আসা। বনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ। কেউ নিরাপত্তা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বাকীদের সতর্ক করা হবে। রিসোর্ট ঘুরে আপাতত ক্ষতির কোন দিক চোখে পড়েনি, ফিরে গিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ, গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর সুন্দরবন ঘেঁষে গড়ে উঠা ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দেন। যার প্রেক্ষিতে পরিবেশ প্রতিমন্ত্রীর এ পরিদর্শন।

