দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে। বুধবার স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আগামী ৫ ও ৬ নভেম্বর সিউলের হোটেল শিলায় দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, বিএনপিসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে এ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

