কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্ত সংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার আবছার উদ্দীন এবং মৌলভীবাজার এলাকার আদিল। এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, তিনটি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

