ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সরকারি টিউবওয়েলের জায়গা দখলের চেষ্টার অভিযোগ

Link Copied!

খুলনা নগরীর রায়েরমহল মধ্য পাড়া কালাম কমিশনারের বাড়ির পাশে সরকারি জায়গায় স্থাপিত প্রায় ৫০ বছরের পুরনো টিউবওয়েলের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই টিউবওয়েলের পানি দীর্ঘদিন ধরে খেয়ে ও নানান কাজে ব্যবহার করে আসছে প্রায় দুই শতাধিক পরিবার। জায়গাটি দখল হয়ে গেলে সুপেয় পানির কষ্টে পড়বে শতাধিক পরিবার।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, গত ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে পাশে বসবাসরত সাবেক সেনা সদস্য শেখ গোলাম কিবরিয়া ইশা তার লোকজন নিয়ে সরকারি টিউবওয়েলের জায়গা দখলের চেষ্টা করেন। গ্রামবাসী জানতে পেরে ঘটনাস্থলে এসে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে হামলায় স্থানীয় বাসিন্দা শেখ তরিকুল ইসলাম গুরুতরভাবে জখম হন। এ সময় আয়নুল আবেদীন মারুফ সহ ৪-৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গ্রামবাসী।
সমাবেশে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ খান বলেন, “অভিযুক্ত ইশা তার ভাই একজন সরকারি সচিবের নাম ভাঙিয়ে নানান ভয়ভীতি দেখাচ্ছেন এবং সরকারি সুপেয় পানির জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছেন।” গ্রামবাসী এ ঘটনায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সরকারি টিউবওয়েলের জায়গাটি রক্ষা এবং হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত শেখ গোলাম কিবরিয়া ইশা জানান, কেসিসি ও ওয়াসার উদ্যোগে স্থাপিত টিউবওয়েলের জায়গাটি ছেড়ে দিয়ে প্রায় ৩৫ বছর আগে তার শ্বশুর বাড়ি ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। টিউবওয়েলটি কিছুদিন ধরে নষ্ট থাকায় তিনি সিটি কর্পোরেশন ও ওয়াসার অনুমতি নিয়ে জায়গাটি ঘিরতে গেলে গ্রামবাসীর বাধার মুখে পড়েন। তবে অনুমতির বিষয়ে কেসিসি ও ওয়াসা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা এ সংক্রান্ত কিছু জানেন না বলে প্রতিবেদককে জানান।