চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ৭টার দিকে কাতালগঞ্জ পেট্রল পাম্পের সামনের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- জোরারগঞ্জ থানার সত্তরোয়া গ্রামের মো. হোসেন (৩৮) ও খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার গজল তলা গ্রামের আবু তাহের (৬৫)।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রোববারের (১৯ জুন) ভারি বৃষ্টিতে কাতালগঞ্জ খান বাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়। নিচ তলার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। বাড়ির তত্ত্বাবধায়ক আবু তাহের আইপিএস সংযোগ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশেই ছিলেন প্রাইভেটকার চালক মো. হোসেন। আবু তাহেরকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমানও বিষয়টি নিশ্চিত করেন।

