পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে।’ এ সময় তিনি এলাকার উন্নয়ন নিয়েও বক্তব্য দেন। স্থানীয় জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, সদস্য ফিরোজ আলম গোলদার, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন (ফারুক মাস্টার)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দাদ হোসেন হাওলাদার।

