মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে পাখি ও শিকারের বিভিন্ন সরঞ্জাম। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় বন বিভাগ, র্যাব-৯ ও স্ট্যান্ড ফর আওয়ার ইনড্যান্জারড ওয়াইল্ড লাইফ (এসইডব্লিউ) এর যৌথ অভিযানে লামুয়া গ্রামের পাখি শিকারি হারিস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগের অভিযানের উপস্থিতি বুঝতে পেরে শিকারি লোকটি পালিয়ে যায়।
পাখিগুলোর মধ্যে ছিলো- ২টি খোঁড়া, ৩টি ঘুঘু, ও ১টি শিকারি মোরগ। ফাঁদগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য খোঁড়া ফাঁদ ও বন মোরগের ফাঁদ, ১০টি গুলতি, পাখি ধরার জাল ৭টি, খাঁচা ৫টি ও বেশকিছু সজারুর কাটা উদ্ধার করা হয়।
এসইডব্লিউ টিম এর অন্যতম সদস্য ও সমন্বয়কারী সোহেল শ্যাম বলেন, অভিযান কার্যক্রম শেষে বৃষ্টির মধ্যে বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে একটি ছোট সমাবেশ করা হয়। উদ্ধারকৃত প্রাণী গুলো বর্তমানে কমলগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে বন বিভাগের অধীনে আছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শিকারি লোকটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
উদ্ধার অভিযানে নেতৃত্বে ছিলেন বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট রীশু বড়ুয়া, ফরেস্ট গার্ড সুব্রত সরকার, র্যাব-৯ ডিএডি গোলাম সারোয়ার এর টিম, এসইডব্লিউ টিম।

