রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১টি মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজশাহী বিভাগের ৮ জেলায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। গত শুক্রবার (১ অক্টোবর) রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জি. মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলায় গত মাসে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর আওতায় ১৯টি মামলা করা হয়। এসব মামলা থেকে তিন লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগের ওইসব জেলায় সেপ্টেম্বরে ১২টি সার্ভিল্যান্স অভিযানও চালানো হয়েছে। এতে ছয়টি নিয়মিত মামলা করা হয়।
এর মধ্যে একটি নিয়মিত মামলায় সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেছেন।
এদিকে বিএসটিআইয়ের মানসনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের ব্যাপারে গত মাসে ১৫টি মামলা দায়ের করা হয়েছে রাজশাহী বিভাগে। এসব মামলা থেকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ আইনের আওতায় ১৩টি সার্ভিল্যান্স অভিযানও পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১১টি নিয়মিত মামলা করা হয়েছে।
এর মধ্যে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে একটি মামলা নিষ্পত্তি করেছেন।
রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জি. মো. সেলিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

