সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও একই ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এই ঘটনা দু’টি ঘটে।
পুলিশ জানায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরের পানিতে ডুবে তার ৫ বছর বয়সী শিশুকন্যা আমেনা খাতুনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে পুকুর গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আমেনা। পরে বাড়িতে না ফেরা খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে মেয়েটির লাশ উদ্ধার করেন স্বজনরা। স্থানীয় বোগলাবাজার কমিউনিটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, বুধবার বেলা ১১টায় জুমগাঁও গ্রামের হায়দর আলীর পুকুরের পানিতে পড়ে তার ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়। বাড়ির লোকজনের অগোচরে তাহার পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়। বেলা সাড়ে ১১টার দিকে চাচাতো ভাই সাইদ আহমদ (৮) মিছবাউলকে পুকুরের পানিতে ভাসতে দেখে শোরচিৎকার করলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, পানিতে পড়ে দু’জনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

