ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্যপ্রযুক্তি মামলায় ৬ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ঝুমন দাস

Link Copied!

পুলিশের দায়ের করা তথ্যপ্রযুক্তি মামলায় ৬ মাস কারাগারে থাকার পর ঝুমন দাস মুক্তি পেয়েছেন। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর তার মুক্তির দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ-কর্মসূচি পালন করা হয়। গত ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাইকোর্ট থেকে তাকে জামিনের আদেশ দেওয়া হয়।
অবশেষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ঝুমন দাস আপন।
জানা গেছে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ আদালতে জামিনের আদেশ আসে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিল করলে আদালত জামিনে মুক্তির আদেশের কাগজ কারাগারে পাঠায়। সন্ধ্যায় ওই জামিনের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পান ঝুমন দাস।
এ সময় কারাগার থেকে বেরিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝুমন দাস।
চলতি বছরের ১৬ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাসের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সমালোচনা করে কথিত ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় হেফাজত ইসলামের সমর্থকরা গত ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়। তথ্যপ্রযুক্তি মামলায় গত ১৬ মার্চ ঝুমন দাশকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ৩টি মামলা দায়ের হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামি আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার নুরশেদ আহমেদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।