ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় রবি’র শিক্ষিকার পদত্যাগ

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার ওপর অর্পিত ৩ পদ থেকে পদত্যাগ করেছেন। এদিকে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে রবি পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রবির রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল।

এ ব্যাপারে রবি’র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ জানান, ৩টি পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগ করে পত্র জমা দিয়েছেন শিক্ষিকা ফারহানা ইয়াসমিন। এ ঘটনারয় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে অপসারণের দাবি করছে শিক্ষার্থীরা। এটি তাৎক্ষণিক করা সম্ভব নয়, তদন্তেরও প্রয়োজন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি না থাকায় এখনই এটা করাও যাচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখেই শিক্ষিকা ফারহানাকে তার পদগুলো থেকে সরিয়ে দেয়া হয়েছে, আশা করছি শিক্ষার্থীরা বিষয়টি অনুধাবন করবেন।

এদিকে, ওই শিক্ষিকাকে চাকরি থেকে স্থায়ীভাবে পদত্যাগ বা অপসারণের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ দাবিতে আজ বুধবার রবি ক্যাম্পাস-১ এ আমরণ অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তারা। তবে সকাল পৌনে ১১টায় এ সংবাদ লেখা পর্যন্ত কোনো কর্মসূচি শুরু হয়নি।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে ঢোকার সময় ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন চুল বড় রাখার অপরাধে কাঁচি দিয়ে ১৪ জন শিক্ষার্থীর মাথার সামনের অংশের চুল কেটে দেন। ঘটনাটি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়। এরপর শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন ১ম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান তুহিনকে তার চেম্বারে ডেকে নিয়ে গালিগালাজ করেন ও রবি থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের হুমকি দেন।

এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে শিক্ষার্থী তুহিন গত সোমবার রাতে দ্বারিয়াপুরের শাহ মখদুম ছাত্রাবাসের নিজ কক্ষে অতিরিক্ত ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। শিক্ষার্থী তুহিন এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত এবং মঙ্গলবার সকালে রবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এতে উত্তাল হয়ে ওঠে রবি ক্যাম্পাস। বিষয়টির সমাধানকল্পে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের সাথে বৈঠকের উদ্যোগ নেন রবি প্রশাসন। সাড়ে ৩ ঘণ্টা আলাদা বৈঠক শেষে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, ঘটনার তদন্তে (আজ বুধবার) কমিটি গঠন করা হবে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার রাতেই রবি পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার উপর অর্পিত ৩টি পদ থেকে পদত্যাগ করেন।

এ ঘটনায় রবি’র সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ইয়াসমিন বাতেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।