আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ, গণটিকা কার্যক্রমসহ নানা আয়োজন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নড়াইল জেলার ৬৬ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া হয়। সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, দুটি পৌরসভাসহ ৩৮টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেয়া হয়। অনলাইনে আবেদনকারীরা স্বতঃস্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজন জেলার ২০৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা, বৃক্ষরোপন কর্মসূচি, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ। পরে দোয়া অনুষ্ঠান ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নড়াইল পৌরসভার আয়োজনে মেয়রের কক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জজকোর্টের পিপি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

