দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার একটি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সাথে গণ্ডগোলের জের ধরে আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক ইয়ারব হোসেন আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে যান। সেখানে টিকাদানে কিছু অনিয়মের অভিযোগ তোলেন সাংবাদিক ইয়ারব হোসেন। এ সময় ওই টিকাদান কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামের সাথে তার বচসার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম সাংবাদিক ইয়ারব হোসেনের নামে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ তুলে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ ইয়ারব হোসেনকে তার তুজুলপুরস্থ বাস ভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

