গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজিব আহাম্মদ (২৬) মারা গেছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মাওনা বাজারের পশ্চিম পাশে পাথার (বড় ধানের জমি) এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব আহাম্মদ মটর শ্রমিকলীগ নেতা এবং উপজেলার মাওনা ইউনিয়নের বেতজুরী গ্রামের মো. আজহারুল ইসলামের একমাত্র ছেলে।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রাজিব খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজিব মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। মাওনা বাজারের পশ্চিম পাশে পাথারের পুকুর পাড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাম ট্রাকটি রাজিবকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত রাজিবকে স্থানীয়রা উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা কোন আইনগত ব্যবস্থা না নিয়ে লাশের দাফন সম্পন্ন করেন।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুজাফর মোল্লা জানান, দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

