নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সরকারি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের আমানা বিগবাজারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়ি রেখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজানের চেম্বারে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। সোমবার সন্ধ্যার পর থেকে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার সরকারি গাড়ি (নাটোর ঘ-১১-০০২৭) পার্ক করে ওপরে বৈঠক করছিলেন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে যোগে এসে চেয়ারম্যান আসাদের গাড়িতে ভাঙচুর চালায়। এ সময়ে গাড়ির ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়। পরে খবর পেয়ে নাটোর থানার পুলিশ এসে আসাদকে নিরাপদে নলডাঙ্গায় পৌঁছে দেয়।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন থেকে নাটোরে চলে আসা আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধে আসাদ স্থানীয় সংসদ সদস্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয় সংসদ সদস্যের বিপক্ষে অবস্থান নেওয়ায় তার অনুসারী চেয়ারম্যান মনোনয়ন
প্রত্যাশী সাজ্জাদুর রহমান বাবলু তার সরকারি গাড়িতে হামলা করেছেন। এ বিষয়ে তিনি নাটোর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে সংসদ সদস্যের কোনো সম্পর্ক নেই। এটা আসাদের ব্যক্তিগত কোনো ঘটনার জেরে ধরে ঘটতে পারে। নাটোর থানার ওসি মনসুর রহমান চেয়ারম্যানের গাড়িতে হামলার ঘটনা ও তাকে নিরাপদে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

