টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে কফি ও কাজুবাদামের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তীনগর গ্রামে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
এ সময় মন্ত্রী বলেন, দেশের পাহাড়ি অঞ্চল, বরেন্দ্র ও মধুপুর ভাওয়াল অঞ্চলের অনেক জায়গায় কাজুবাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে আমরা কাজ করছি।
সারাদেশের যে সব অঞ্চলে কাজুবাদাম এবং কফির চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, তা চাষের আওতায় আনতে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক ২১১ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রিনা রানী সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাশার, কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংগ) এর প্রকল্প পরিচালক আলতাফ হোসেন প্রমুখ।

