মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের অংশীদারি হয়ে এ বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এজন্য নেপালের একটি প্রতিনিধি দল বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে প্রবেশ করেন। এরপর বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক করেন। মোংলা বন্দর থেকে নেপালে কীভাবে পণ্য রপ্তানি করা যায় সে ব্যাপারে এ বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি দলের সদস্যরা।
তিনি আরও জানান, তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করেন। এখন থেকে মোংলা বন্দর ব্যবহার করতে বৈঠকে আলোচনা করেন তারা।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।
নেপালকে ট্রানজিট সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে উল্লেখ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তারা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
দুপুর ২টায় মোংলা বন্দর ত্যাগ করেন নেপালের প্রতিনিধিরা।

