রাজশাহী প্রতিনিধি : নেশার টাকা না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক মাদকসেবী।
গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় রোববার রাতে এ নির্মম ঘটনা ঘটেছে।
হতভাগ্য মায়ের নাম সেলিনা বেগম (৫০) । তার স্বামীর নাম মো. শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আবদুস সালেক (৩২) পলাতক। উচ্চশিক্ষিত সালেক দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রোববার রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। এ সময় নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে রাজি হননি। এর ফলে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মা সেলিনা বেগমের মৃত্যু হয়। এরপর সালেক গলায় রশি পেঁচিয়ে মায়ের মরদেহ ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন যাতে সবাই আত্মহত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থল পড়ে ছিল হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি জব্দ করেছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। আর মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

