নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্দরের লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়। একই এলাকার চিরাইপাড়া জাঙ্গালে অবস্থিত ‘ঢাকা সিয়াম বেকারি’তে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারিটিতে ২টি ওভেন ও ২টি ডাবল বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়। এদিকে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫ কিলোমিটারজুড়ে অভিযান চালিয়ে আরও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সেখান থেকে ৭০ ফুট ৩ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ অপসারণ করা হয়। অভিযানকালে মাটির প্রায় ১৫ ফুট নিচে মূল ৪ ইঞ্চি গ্যাস লাইনের সঙ্গে যুক্ত অবৈধ বিতরণ লাইনের সংযোগস্থলও বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে নষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে গ্যাস বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বাড়ছে। অবৈধ সংযোগ বন্ধ ও গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

