গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছিনতাইকারীদের আঘাতে দিলু শরীফ (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দিলু শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত আব্দুস ছালাম শরীফের ছেলে।
মঙ্গলবার দুপুরে সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হযরত আলী জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন দিলু শরীফ। পথিমধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে পিটিয়ে মারাত্মক আহত করে টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী দিলু শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হযরত আলী জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

