চট্টগ্রাম প্রতিনিধি : এবার বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী জাতীয় ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই শীতকালীল ক্রীড়া উৎসব শুরু হবে আগামী ২২ জানুয়ারি। সারা দেশের আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় এই ক্রীড়া প্রতিযোগিতা হবে চট্টগ্রামে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
জাতীয় পর্যায়ের এই ক্রীড়া উৎসবে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) এবং টেবিল-টেনিসসহ (একক ও দ্বৈত) মোট সাতটি ইভেন্ট শীতাকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইভেন্ট ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে অনুষ্ঠিত হবে। সারা দেশের অঞ্চল পর্যায়ে বিজয়ী ৮০৮ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম জানান, জাতীয় পর্যায়ের বড় ক্রীড়া উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একাধিক উপকমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২১ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে গণমাধ্যমকে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষাউপমন্ত্রী এবং দেশের সবকটি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকবেন।

