কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী কাটা পাহাড় এলাকায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ী সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া গেছে ইয়াবা ও অস্ত্র।
বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী কাটা পাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন। নিহত মোহাম্মদ জাহাঙ্গীর (২৫) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মোহাম্মদ ফরিদ ওরফে দারোয়ান ফরিদের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফরিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় তিনটি মাদক, দুটি ছিনতাই, দুটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।
ওসি ফরিদ বলেন, ‘বুধবার সকালে কক্সবাজার শহরের কলাতলী কাটা পাহাড় এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেখানে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে লাশের পাশে পাওয়া যায় ২০০ পিস ইয়াবা, একটি দেশে তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি। পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বজনরা নাম-পরিচয় শনাক্ত করেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদ ফরিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। সে মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মে জড়িত ছিল। সদর থানায় তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।’
ওসি ফরিদ বলেন, ‘অপরাধী চক্রের দুই গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনার কারণ নিশ্চিত হতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

