সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে একটি ট্রাককে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরইবোঝাই একটি পিক-আপ কয়েকজন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে ঝাঐল ওভার ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় পিকআপটি পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথরবোঝাই অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বরই ব্যবসায়ী ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপ চালক রাজুর মৃত্যু ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টা দুয়েক যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

