ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ । বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ এর ক্যাম্প কমান্ডার শিবলী সাদিক এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো ত্রিশালের ধানীখলার হাসমত আলীর ছেলে শহীদুল আলম , মাগরজোড়া চৌরাস্তার আবুল কালামের ছেলে মোজাম্মেল হক , কোনাবাড়ির ইয়াকুব আলীর ছেলে বাবু , শহর আলীর ছেলে শুভ মিয়া, ধৈরামপুর উজান পাড়ার আবুল কালামের ছেলে খলিল, মাগুরজোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে নুর মোহাম্মদ , উজানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান ও বীরামপুরের তমিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া।
শিবলী সাদিক জানান, মঙ্গলবার রাতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম (রাকিব) ও মিনা খাতুন নামের দুজনকে অপহরণ করা হয়। তাদের স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদেরও গ্রেপ্তার করা হয়।

