সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদ্বীশ চন্দ্র সাহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে পাঁচটি খড়ের পালা পুড়ে গেলেও বাড়িঘরের ক্ষতি হয়নি।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি-জামায়াতে ইসলামীর লোকেরা জগদ্বীশ চন্দ্র সাহার বাড়িতে আগুন দেয়। এর আগে ১১ ডিসেম্বর রাতে তারা ওই নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

