কুষ্টিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘‘নির্বাচন পরবর্তী সহিংসতা করলে কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে মানুষের শুভেচ্ছা গ্রহণকালে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘‘নির্বাচন হয়ে গেছে, এটা মেনে নেওয়া উচিত। এই নির্বাচন নিয়ে বিতর্ক করার সুযোগ নেই।’’
তিনি বলেন, ‘‘ক্ষমতায় থাকতেও বিএনপি কল্যাণমূলক কাজ করেনি বলেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতায় থাকতে লুটপাট আর দুর্নীতি, বাইরে থাকতে আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল তারা। এই কারণে মানুষ তাদের ভোট দেয়নি।’’
হানিফ আরো বলেন, ‘‘নির্বাচনে পরাজিত হলে অন্যের উপর দায় চাপানো তাদের পুরনো কালচার, সেটিই এখন মির্জা ফখরুলরা করছেন।’’
তিনি বলেন, এই নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। দুর্নীতিবাজদের নেতা রাখলে তারা কোনো দিনই জনসমর্থন পাবে না।
এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

