নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে দেন।
গত ১২ ডিসেম্বর সকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। ওই দিন বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ঠিক করেন। এরপর অধিকতর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।
এদিন দুলুর পক্ষে তার আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ জামিন শুনানি করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি শেরেবাংলা নগর থানাধীন শিশুপল্লীর সামনের রাস্তার ওপর বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাম ছিল না। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট ২৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে পৃথক দুটি চার্জশিট আদালতে দাখিল করা হয়।
পরে মামলাটিতে একই বছর ৩১ ডিসেম্বর দুটি সম্পূরক চার্জশিট দাখিল হয়। উভয় চার্জশিটে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাম ছিল। মামলায় চার্জশিট দাখিল হওয়ার পর রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। পরে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ না করায় ঢাকা সিএমএম আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

