নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট জালিয়াতির অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ ধরণের নির্বাচন দেশ ও জাতির জন্য লজ্জার। রোববার রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে গত ৪৭ বছরেও তা হয়নি। এ সময় তিনি বিভিন্ন আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা, নেতাকর্মীদের মারধর এবং কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার চিত্র তুলে ধরেন।
কোথাও সুষ্ঠু নির্বাচনের আলামত দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা-৭ আসনের প্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘তার আসনে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ৯৮টি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।’
ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘সকাল ৭টা থেকে ভোট জালিয়াতি চলছে। ৭/৮টি কেন্দ্রে ইভিএম কাজই করেনি। এর দায় নেবে কে? সারাদেশে নির্বাচনী পরিবেশ ধ্বংস করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

