নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকায় ভোট প্রদান শেষে বলেছেন, ‘দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ভোটে জনগণ যে রায় দেবে আমরা তা মাথায় পেতে নেব।’
রোববার সকাল পৌনে ৯টায় কোম্পানীগঞ্জের বসুরহাটস্থ উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রচণ্ড শীত উপেক্ষা করেও নারীরা ভোট কেন্দ্রে আসছেন। আমার বিশ্বাস সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। এতে সারা দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ে শতভাগ আশাবাদী আমরা।’
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি পরাজয় মেনে নিতে পারবে না। তারা মরণ কামড় দেবে। আজও যে চেষ্টা করবে না, তা নয়। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে।’

