নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৌকার যে গণজোয়ার উঠেছে, তাতে ৩০ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক, মৌলবাদ, উগ্র ও দেশবিরোধী অপশক্তিকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহাজোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।
নির্বচনী প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নারী জাতিকে শেখ হাসিনা সম্মান দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষে আজ মহিলাদের ঢল নেমেছে, ডিজিটাল বাংলাদেশে তরুনদের ঢল নেমেছে। নারী এবং তরুণরাই হবে আওয়ামী লীগের তথা নৌকার বিজয়ের সবচেয়ে বড় হাতিয়ার।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যফ্রট ঠান্ডা মাথায় নানা উস্কানি দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। তাদের ফাঁদে পা না দিয়ে আগামী তিন দিন ধৈর্য্য ধরে নির্বাচন পরিচালনায় কাজ করুন। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার প্রশংসায় বিশ্ব পঞ্চমুখ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ জন্মভূমিতে গিয়ে বলেছেন, তোমরা যদি দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাও তাহলে উন্নয়নের রোল মডেল ও শান্তির অগ্রদুত বাংলাদেশের প্রধানমনন্ত্রী শেখ হাসিনার কাছে যাও।’
পথসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

