নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে ১৪ ইঞ্চি ব্যাসের পানির পাইপের প্রায় ৬শ ফুট গভীরে একটি শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিহাদ নামের শিশুটির বয়স সাড়ে ৩ বছর বলে জানিয়েছেন স্থানীয়রা। তারাত জানান, শিশুটি খেলতে খেলতে হঠাৎ করে উন্মুক্ত পাইপটির ভেতরে পড়ে যায়।
বাচ্চাটিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রশি নামিয়ে উপর থেকে চিৎকার করে ধরতে বলা হলেও শিশুটির বয়স অনেক কম হওয়ায় তাতে কাজ হচ্ছে না। এ কারণে তার হাতে বা পায়ে দড়ির ফাঁস লাগিয়ে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। শিশুটি বেঁচে আছে এ ব্যাপারে নিশ্চিত ফায়ার সার্ভিস কারণ উপর থেকে পাঠানো জুস খেয়েছে সে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পানির পাম্পটি অনেকদিন পরিত্যক্ত ছিল। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ এটি সচল করার কাজ শুরু করেছে।
রাত ৮টা ২০ মিনিটে একটি চটের বস্তা বিশেষভাবে সেলাই করে রশি বেঁধে নামিয়ে দেয়া হয়। তবে সেটাও ব্যর্থ হয়েছে। এখন পাইপটিই ক্রেন দিয়ে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শিশুটির বাবার নাম নাসির বকুল। শাহজাহানপুর রেলওয়ে সুপারমার্কেট সংলগ্ন মৈত্রী সংঘের মাঠে খেলতে গিয়ে শিশুটি পাইপে পড়ে গেছে।

