পঞ্চগড় সীমান্তে মাদক, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বেকার যুবকদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে তেঁতুলিয়া উপজেলার ৩৩ জন বেকার যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির আশা, প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়লে তারা মাদক, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন এবং সীমান্ত এলাকায় অপরাধ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবেন। প্রশিক্ষণার্থী শাহাদাত কবির নোবেল বলেন, ‘হাউজ ওয়্যারিংয়ের প্রশিক্ষণ নিয়ে এখন নিজ এলাকায় কাজ করার সুযোগ তৈরি হবে। এ দক্ষতা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান করার পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখতে চাই।’ বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তবর্তী বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

