গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার ভোরের দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা-র বাসভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর ঠিক দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এর আরও দুই মিনিট পর, অর্থাৎ ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরপর তিনটি বিকট শব্দে ঘুম ভেঙে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার বর্ণনা দিয়ে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আজানের কিছু আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের সামনে এবং পরে দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমাদের এই এলাকায় এর আগে কখনো এমন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আশপাশের লোকজনও রাস্তায় চলে এসেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো উদ্ধার করে নিয়ে যায়।’ এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

