ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা নগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

খুলনা ব্যুরো
September 20, 2026 8:13 pm
Link Copied!

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিশুদের সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়নে গুরুত্ব দিতে হবে। রোববার নগরীর সিএসএস আভা সেন্টারে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা এবং শিশুদের সুরক্ষায় কার্যক্রমের সফলতা উদযাপন অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি জানান, খুলনায় একটি বিজ্ঞানভিত্তিক পার্ক ও নভোথিয়েটার নির্মাণের জন্য টেক্সটাইল মিলের অব্যবহৃত জমি ব্যবহারের বিষয়ে পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীতে ২১টি মাঠ ও ছোট ফুটসাল নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিশুদের মোবাইল আসক্তি ও কিশোরদের মাদকাসক্তির ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ১২৯ শিশু শিশুশ্রমে যুক্ত, ৫৪২ শিশু বাল্যবিবাহের ঝুঁকিতে এবং ২৭৩ শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। এ সময় নির্ধারিত কয়েকটি ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রমমুক্ত ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে, ‘খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল—বাস্তুসংস্থান, প্রকৃতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য’ বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্ধিত নগর এলাকায় এখনো পরিকল্পিতভাবে নগরায়নের সুযোগ রয়েছে। নদী-খাল রক্ষা করে নতুন শহরের জন্য এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে জলাবদ্ধতাসহ বিভিন্ন সংকট তৈরি হয়েছে। জলাবদ্ধতাকে ডেঙ্গু সংক্রমণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি ময়ূর নদীকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিলের আদলে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরবাসীর স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশেও কেসিসিকে কাজ করতে হবে। পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার মাধ্যমে খুলনাকে স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।