লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার দক্ষিণ রাঘবপুর মাঠপাড়া এলাকার মোঃ কাওছার মিয়ার স্ত্রী মোছাঃ রতনা খাতুন (৪২) এবং একই জেলার গজমতিকুন্ডা মহিষগাড়ি এলাকার মৃত নতুব আলীর ছেলে ইসলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের একটি অভিযানকারী দল ওয়াপদা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে আসা ১টি মোটর সাইকেলের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হলে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে অপরাধে ব্যবহৃত মোটর সাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদক মুক্ত করতে ডিএনসি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

