
ফাইল ফটো
যশোর প্রতিনিধি : নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোল্ল্যা ওলিয়ার রহমানের হত্যাকাণ্ডে ইন্ধনদাতাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সকাল-সন্ধ্যা চলছে।
সোমবার ‘মোল্ল্যা ওলিয়ার হত্যার বিচার আদায় সংগ্রাম কমিটি’র ডাকে এ হরতাল পালিত হচ্ছে।
হরতালে সকাল থেকে নওয়াপাড়া বাজারের সকল দোকানপাট ও ব্যাংক বীমা অফিস বন্ধ রয়েছে। নৌবন্দরে লোড আনলোড হয়নি। এমনকি উৎপাদনে যায়নি কোন মিল-কলকারখানা।
স্থানীয় সাংবাদিক খলিলুর রহমান মল্লিক জানান, সকাল ৬টায় মোল্ল্যা ওলিয়ার হত্যার বিচার আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকের নেতৃত্বে নওয়াপাড়া ইনন্সিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শ ম মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার চলশিয়া মোড়, পায়রা বাজার, শংকরপাশা, প্রেমবাগসহ বিভিন্ন স্থানে খুনিদের আটক দাবি ও হরতাল পালনের জন্য মিছিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান।
এ ঘটনায় অভয়নগরের আপামর জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুসে উঠে। তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি আহ্বান করে। গত ৩ ডিসেম্বর সেখানে ওলিয়ার রহমানের খুনিদের আটক দাবিকে প্রথম হরতাল পালন করা হয়। আর আজ সোমবার দ্বিতীয় দফা হরতাল পালিত হচ্ছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, শান্তিপূর্ণ হরতাল চলছে। বিভিন্নস্থানে মিছিল ও পথসভা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুনের সঙ্গে জড়িত থাকা তিন জন আদালতে ১৬৪ ধারায় জবানবনন্দি দিয়েছে। তাদের জবানবন্দি অনুযায়ী খুনে ব্যবহৃত অস্ত্র, গুলি এবং মোটরসাইকেল উদ্ধারসহ জড়িত আরও কয়েকজন আটক হয়েছে। বলা যায় ৯০ ভাগ খুনের রহস্য উদঘাটন হয়েছে। এখন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।

