নিজস্ব প্রতিবেদক : সমুদ্রগামী জাহাজ নির্মাণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করতে মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে।
দুদক সূত্রে জানা গেছে, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় একহাজার তিনশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিয়োগ রয়েছে, জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়াই এসব ঋণ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হচ্ছেন- মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আশীষ কুমার লস্কর, ইভিপি শোয়েব আহমেদ, এসভিপি ফয়সাল আহসান চৌধুরী, এফভিপি কে এম আনোয়ারুল ইসলাম, এসইভিপি মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শাখার ম্যানেজার মাহমুদ আলম চৌধুরী এবং একই শাখার প্রিন্সিপাল অফিসার মারুফ উদ্দীন কামাল।

