ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরে প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণ বিষয়ে কর্মশালা

Link Copied!

রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (২য় পর্ব) শীর্ষক প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরে ‘কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (২য় পর্ব)’ শীর্ষক প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণ বিষয়ক একটি কর্মশালা গত ২৯ মার্চ রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখিত প্রকল্পটির ১ম পর্বের কার্যক্রম গত বছরের ডিসেম্বর মাসে সফলভাবে সমাপ্ত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেন। অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে পরামর্শমূলক বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, অধিদপ্তরের পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) মো. এরশাদ-উর রশীদ। কর্মশালায় প্রস্তাবিত প্রকল্পের ১ম পর্বের (সমাপ্ত) অভিজ্ঞতা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক এ এইএচ এম সামসুজ্জামান।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, সমাপ্ত প্রকল্পটির মাধ্যমে ৯ লাখ ৭২ হাজার যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ প্রদান করে ৬ লাখ ৮০ হাজার জনকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকান্ডে নিয়োজিত করা সম্ভব হয়েছে। সদ্য সমাপ্ত এই প্রকল্পের ভুল-ত্রুটিগুলো শুধরে নতুন প্রকল্পটি গ্রহণ করা হবে। আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের যৌক্তিক পরামর্শ-মতামত ও উপদেশগুলো নতুন প্রকল্প গ্রহণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় তিনি বলেন, নানাবিধ সীমাবদ্ধতার কারণে সমাপ্ত প্রকল্পের শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হয়নি; প্রশিক্ষণের প্রশিক্ষকদের সম্মানীসহ আরো কিছু বিষয়ের কারণে প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ বাধাগ্রস্ত হয়েছে। প্রস্তাবিত নতুন প্রকল্পের ক্ষেত্রে সে বিষয়েগুলো বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো প্রশিক্ষক নেই; এক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ইত্যাদি) সাথে চুক্তির মাধ্যমে প্রশিক্ষক পুল গঠন করা যেতে পারে। প্রশিক্ষণের ট্রেডের সংখ্যা কমিয়ে এলাকাভিত্তিক চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ট্রেড নির্ধারণের আহ্বান জানান তিনি। সমাপ্ত প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে তদারকি বৃদ্ধিসহ প্রকল্পের কার্যক্রম প্রচারের লক্ষ্যে তথ্য অধিদপ্তরের জেলা তথ্য কর্মকর্তার সহায়তা নেয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে আগ্রহীদের বেছে নেওয়ার পরামর্শ দেন মহাপরিচালক।
কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী যুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারি পরিচালক, উপ-পরিচালক, বেসরকারি সংস্থা ব্রাক, পিকেএসএফ’র প্রতিনিধি, পরিকল্পনা কমিশন ও আইএমইডি’র প্রতিনিধিসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করে প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।