চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের খ্যাতনামা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়ের করা প্রতারণার মামলায় আলোচিত তাজরিন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান দেলোয়ার। আদালত শুনানি শেষে বিকেল ৪টার দিকে তাকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনে মিনান বলেন, ‘কেডিএস এক্সেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের দায়ের করা প্রতারণার মামলায় উচ্চ আদালত থেকে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হন দেলোয়ার হোসেন। আদালত শুনানি শেষে বাদী পক্ষের সঙ্গে আপোষ মীমাংসার প্রস্তাব দেন। কিন্তু বাদী পক্ষ আপোষে রাজি না হওয়ায় তাকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।’
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের খ্যাতনামা কেডিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ লিমিটেড থেকে ২০১০-২০১১ অর্থবছরে ৩৪ লাখ ৭৩ হাজার ৭২০ টাকার এক্সেসরিজ পণ্য কিনেছিল তাজরিন ফ্যাশন। কিন্তু গত চার বছরেও ওই অর্থ পরিশোধ করেনি।
এ ঘটনায় ২০১৩ সালের শেষদিকে আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় তাজরিন ফ্যাশনের এমডি দেলোয়ারের বিরুদ্ধে একটি মামলা করেন কেডিএস গ্রুপের লিগ্যাল অ্যাসেটস বিভাগের সহকারী ব্যবস্থাপক অ্যাডভোকেট শিমুল সেন।
ওই মামলায় গত মাসে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন দেলোয়ার। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী তিনি চট্টগ্রামের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

