বিনোদন ডেস্ক : অভিনেত্রী জাকিয়া বারী মম। বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘শেষটা অন্যরকম হতে পারতো’ নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী। এতে একজন মঞ্চকর্মীর চরিত্রে দেখা যাবে মমকে।
নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আশীষ খন্দকারসহ আরো অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক গৌতম কৈরী বলেন, ‘একজন নাট্যকর্মীর ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নাটকটির কাহিনি এগিয়েছে। যেখানে তিনি মঞ্চ অভিনয় পারিবারিক জীবনেও নিয়ে আসতে বাধ্য হন। প্রেয়সীর প্রতি সন্দেহের বিকারগ্রস্থতা আর লুকানো মান-অভিমানের মায়াজালে আবদ্ধ, স্থবির জীবনের প্রতিচ্ছায়াগুলো শুধু মঞ্চের আলো-আধাঁরিতেই মঞ্চায়িত হয় না; দেখা মেলে বাস্তবতার রঙ্গমঞ্চেও। আর সেই বাস্তবতার চিত্র দেখা যাবে এই নাটকের গল্পে।’
সম্প্রতি ময়মনসিংহের বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
অমিতাভ রেজা পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। এ চলচ্চিত্র থেকে নির্মিত হয়েছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে সাত পর্বের টেলিভিশন সিরিজ। এই সিরিজের শেষ পর্ব ‘শেষটা অন্যরকম হতে পারতো’। ঈদুল ফিতরে টানা সাতদিন সাতটি পূর্ণাঙ্গ পর্ব জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

