ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের ত্রুটি সংশোধনের আহ্বান ১৪ দলের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনমতের কথা বিবেচনা করে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিশেষ ত্রুটিগুলো সংশোধনের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ আহ্বান জানান।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেছেন। তিনি যে উচ্চাভিলাষী ও বিশাল বাজেট দিয়েছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
বৈঠকের আলোচ্য সূচি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছি এবং মানুষের যে রিঅ্যাকশন দেখেছি তা নিয়েও আলোচনা করেছি। এই বাজেট নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ হবে। সংসদেও সংসদ সদস্যরা এ নিয়ে আলোচনা করবেন। তারপরও আমরা মনে করি, এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য যা করণীয়, তা করতে পারব।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি বিশ্বাস করি, মাননীয় অর্থমন্ত্রী বিশেষ বিবেচনা করবেন এবং জনমতের দিকে তাকাবেন। বাজেটে যে বিশেষ ত্রুটিগুলো আছে, যেগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই- সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীও নিশ্চয়ই বিবেচনা করবেন।’
বৈঠকের সভাপতি জাতীয় পার্টি (জেপির) মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, জনগণের সুবিধা ও জনমতের কথা বিবেচনা করে বাজেটের সংশোধনের প্রয়োজন আছে। এ লক্ষ্যে আমরা আমানতের আবগারি শুল্ক এবং সারচার্জ প্রত্যাহার করার দাবি করেছি।
বাজেট নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাজেটের ৮ ঘণ্টার মধ্যেই না পড়ে, না বুঝে একটি ইফতার পার্টিতে তিনি মিথ্যা বলেছেন, এটাই তার চরিত্র। এ বাজেট গরিবকে সাহায্য করবে। কিন্তু তারা (বিএনপি) সমালোচনা করতে অভ্যস্ত। তারা আমাদের সমর্থন করতে পারেন না। যারা হাওয়া ভবন বানিয়ে ধনীর স্বার্থ রক্ষা করেছে তাদের মুখে এসব শোভা পায় না।’
বাজেট নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদের সমালোচনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্লেষণে কিছুটা নেগেটিভ না বললে, তারা আবার অর্থনীতিবিদ হবেন কীভাবে? এটা তাদের অভ্যাস।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রেসক্রিপশন শুরু হয়ে গেছে। এ অধিকার তাদের কে দিয়েছে? দেশি-বিদেশি চেনামহল আবারো চক্রান্তে তৎপর হয়ে ওঠেছে। জামায়াত-বিএনপি হুমকি দিচ্ছে। তারা চক্রান্ত করে ব্যর্থ হয়েছিল, হেফাজত চক্রান্ত করে ব্যর্থ হয়েছে। সামনে কোনো চক্রান্ত হলে, প্রেসক্রিপশন দিলে তা প্রতিহত করতে আমরাও মাঠে নামব।’
রাঙ্গামাটির লংগদুর ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দল।
মোহাম্মদ নাসিম জানান, আগামী ৬ জুন ১৪ দলের একটি প্রতিনিধিদল ওই এলাকায় যাবে। ৭ জুন কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবে ১৪ দলের একটি প্রতিনিধিদল।
সংবাদ সম্মেলনের আগে জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বৈঠক হয়। এতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কামরুল আহসান, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।