নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আইনটি তৈরি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।জানা গেছে, মৎস্য সম্পদ চিহ্নিতকরণ, সংরক্ষণ, চাষ ও উৎপাদনের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ক্রমবর্ধমান মানুষের প্রাণিজ পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের ওপর গবেষণা করতে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে সরকার। আর স্বতন্ত্র এই প্রতিষ্ঠানটি পরিচালনার লক্ষ্যে বিদ্যমান অর্ডিনেন্স সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে ইংরেজি থেকে বাংলা ভাষায় নতুনভাবে আইনটি প্রণয়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১৭ এর নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।

