নিজস্ব প্রতিবেদক : এখনই বিএনপিসহ সব রাজনৈতিক দলকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’ আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
মওদুদ আহমেদ বলেন, ‘নির্বাচনের আগের এক মাস লেভেল প্লেইং ফিল্ড দিলে হবে না। এখন থেকে জনসেবা ও জনসমাবেশ করার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হবে সকল রাজনৈতিক দলেকে সমান সুযোগ দেওয়া।’
তিনি বলেন, ‘আমাদের এখনো জনসমাবেশ, মানববন্ধন, মিটিং, মিছিল, বিজয় দিবসের মিছিল করার জন্য অনুমিত নিতে হয়। কিন্ত সরকার দলীয় সবকিছুই চলছে।’
এখন থেকে ইসিকে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগে আগে পরিবেশ স্বাভাবিক করলে হবে না।’
বর্তমান সরকারের অধীনের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘এককভাবে একের পর এক নির্বাচন ষড়যন্ত্র জনগণ বুঝতে পারে। কমিশন যদি আমাদের জনসেবা করার সুযোগ দেয় তাহলেই সুষ্ঠু নির্বাচন করা এই কমিশনের পক্ষে সম্ভব।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেও এ সময় অভিহিত করেন তিনি।
প্রবীণ এই আইনজীবী বলেন, ‘নাইকো মামলার আসামি ছিলেন শেখ হাসিনা। কিন্তু নিজের নামের মামলা খালাস করে নিয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার নামে মামলা ঝুলিয়ে রেখেছে সরকার। এখান থেকেই বোঝা যায় দেশে বিচারের স্বাধীনতা নেই।’
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির।

