বগুড়ার সোনাতলায় গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। এ ঘটনায় পুলিশের ২ সদস্যকে মারধর করা হয়েছে। পাশাপাশি পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে, গোলাম কবির সুমন একটি প্রতারণা মামলার আসামী। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় গত শুক্রবার বেলা ১১ টার সময় সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এ.এসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেফতার করতে যান। পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ২ পুলিশ সদস্যকে মারধর করে আটক আসামী সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করে। খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

