নিজস্ব প্রতিবেদক : রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যারা বিরোধিতা করছেন, তাদের সুন্দরবনের ‘রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা করা উচিত’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তাকে জাতির জন্য ‘অপমানজনক’ বলেছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কতটা স্বেচ্ছাচারী হলে এমন বক্তব্য দিতে পারেন, দেশের মানুষের অনুভূতির প্রতি তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন। আক্রোশমূলক এহেন বক্তব্য জাতির জন্য অপমানজনক।’
তিনি বলেন, ‘ইউনেস্কোসহ দেশের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী এবং বিশ্ব পরিবেশবাদীরা বলছেন- রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে গোটা সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। দেশের ৯৯ ভাগ জনগণ রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের ঘোর বিরোধী।’
‘বিশ্বের বিভিন্ন দেশ কয়লাভিত্তিক এ ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসতে শুরু করেছে। অথচ শুধু প্রভুদের মন রক্ষায় সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্প সরকার গায়ের জোরে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে স্থাপন করতে যাচ্ছে’, বলেন বিএনপির এই নেতা।
রোববার চট্টগ্রামে আইইবির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছে তাদের মানুষের জন্য কোনো দুঃখ নেই। তাদের রয়েল বেঙ্গল টাইগারদের সঙ্গে দেখা করা উচিত। তাদের জেনে নেওয়া উচিত যে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য রয়েল বেঙ্গল টাইগারদের কোনো সমস্যা হচ্ছে কি না।’
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা যেভাবে দেশের শীর্ষস্থানীয় নেতা, বুদ্ধিজীবী ও পরিবেশবাদীদের সমালোচনা ও গালিগালাজ করছেন তাতে তাদের এই বক্তব্য বিশ্বের স্বৈরশাসকদের বক্তব্যেরই প্রতিধ্বনি।’
গঠিত সার্চ কমিটির দ্বারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অতীতে নির্বাচন কমিশন নিয়ে যে সংলাপ হয়েছে তার ফলাফল ছিল শূন্য। এবারও একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের পরও একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনে যে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে না সেটির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই।’
তিনি বলেন, যেভাবে সরকারের প্রভাবিত ও আওয়ামী মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তাতে তাদের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে সেটি নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। এই অনুসন্ধান কমিটি আওয়ামী শাসকগোষ্ঠীর ছায়াসঙ্গী, বর্তমান ভোটারবিহীন সরকারের বর্ধিত প্রকাশ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

