আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ‘যৌনবৈষম্যবাদী’ মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। বুধবার তিনি বলেছেন, উত্তরপ্রদেশে নির্বাচনী ‘প্রচারণার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন। বিজেপিতে তেমন নেতার অভাব নেই।’
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে দলের যেসব তারকা নেতৃত্ব কাজ করবেন সম্প্রতি তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর নামও রয়েছে। বুধবার এ প্রসঙ্গেই বিনয় বলেন, ‘প্রচারণার জন্য প্রিয়ঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন।’
বিনয়ের এ মন্তব্যের প্রতি উত্তরে টুইটার বার্তায় প্রিয়াঙ্কা বলেছেন, ‘হা হা হা। সে সত্যি বলেছে। তারা এমনই। সে যদি আমার সহকর্মীদের মধ্যে শুধু এটুকুই দেখে থাকে, যারা অত্যন্ত সাহসী, শক্তিশালী ও সুন্দরী নারী এবং যারা আজ যে অবস্থানে এসেছে লড়াই করে তাহলে সে আমাকে আরো হাসাবে। কারণ সে ভারতের অর্ধেক জনগোষ্ঠীর প্রতি বিজেপির মনোভাবের প্রকাশ ঘটিয়েছে ৷’
প্রসঙ্গত, এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য জোট বেঁধেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি । প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যস্থতাতেই এ জোট হয়েছে। এর আগে কখনো তাকে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি ৷ ভোটের আগে তাকে কেবল মা ও ভাইয়ের নির্বাচনী কেন্দ্রে প্রচারকাজ করতে দেখা যেত।

